
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল আলিমকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
তার গ্রেপ্তারের খবরে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে পুটাইল ইউনিয়নে একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে একদল লোক মিলে ধারালো অস্ত্র দিয়ে একজনকে কুপিয়ে হত্যা করে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবেই আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গ্রেপ্তারের প্রতিবাদে পুটাইল ইউনিয়নের দুই শত মানুষ থানার সামনে অবস্থান নিয়ে তার মুক্তির দাবি জানান। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আব্দুল আলিম নির্দোষ এবং তাকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
