সোমবার, জুন ১

বদলগাছীতে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||

“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) সকাল ১০টায় মির্জাপুর কৈলাশ চন্দ্র (কেসি) উচ্চ বিদ্যালয় মাঠে বালুভরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান এবং রবিউল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পুরো কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হোসেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, দেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক উন্নয়নে জিয়াউর রহমান ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আদর্শকে বুকে ধারণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তরুণ প্রজন্মের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতেই এই সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁরা আরও উল্লেখ করেন, বদলগাছী ও মহাদেবপুর সংসদীয় এলাকার মোট ১৮টি ইউনিয়নেই পর্যায়ক্রমে এবং ধারাবাহিকভাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *