শনিবার, মে ২

মানিকগঞ্জে বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | মানিকগঞ্জ প্রতিনিধি ||

মানিকগঞ্জ সদর উপজেলার ৭নং ওয়ার্ড পশ্চিম বান্দুটিয়া এলাকার জাদুঘর প্রাঙ্গণে দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। জাদুঘরে রহিমুন্নেছা-এনায়েত ফাউন্ডেশন, মেহের-আজিজ ফাউন্ডেশন, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ (ঢাকা)-এর উদ্যোগে এবং ঢাকা লায়ন্স ক্লাবের তত্ত্বাবধানে আজ শনিবার (২ মে) সকাল ৯টা থেকে এই জনসেবামূলক কার্যক্রম শুরু হয়।

শিবিরে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা আগত রোগীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। এছাড়া দিনভর আগত রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা লায়ন্স ক্লাবের তত্ত্বাবধানে রেফার করা হয়।

মানিকগঞ্জ জাদুঘরের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান ও মানিকগঞ্জের সিভিল সার্জন এ.কে.এম. মোফাখখারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক ও সমাজসেবীরা।

চক্ষু শিবিরের আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক ও জনসেবামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *