
|| আন্তর্জাতিক ডেস্ক ||
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে স্থানটির পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) তাঁদের এ দণ্ড কার্যকর করা হয় বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’-এর বরাতে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বসির এবং সিথি আক্তার। অনৈতিক অপরাধে লিপ্ত থাকার সময় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে তাঁরা গ্রেপ্তার হন।
পরবর্তীতে দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে আদালতের বিচারে আনীত অভিযোগ প্রমাণিত হয়। অপরাধের ভয়াবহতার পাশাপাশি পবিত্র মসজিদের মর্যাদা ও সাকিনাত চরমভাবে ক্ষুণ্ণ করায় আদালত তাঁদের তা’যীর (বিবেচনামূলক শাস্তি) বিধানের আওতায় মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। উচ্চ আদালতেও নিম্ন আদালতের এই রায় বহাল থাকে। পরবর্তীতে রাজকীয় আদেশ জারির মাধ্যমে মৃত্যুদণ্ড চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হয়।
ঘটনার পর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্ক বার্তায় জানায়, পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষায় এবং নিরাপত্তা ও ন্যায়বিচার সমুন্নত রাখতে ইসলামি আইন কঠোরভাবে প্রয়োগে সরকার বদ্ধপরিকর। ভবিষ্যতে কেউ এ ধরনের নিন্দনীয় অপরাধে জড়িত হলে তাঁকে কঠিন আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
