
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়নবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আগামী ছয় মাসের মধ্যে দেশের ‘মাদার ট্রি’ চিহ্নিত করে সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী চারা রোপণের পর নিয়মিত পরিচর্যা ও পর্যবেক্ষণ নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি বলেন, অন্যান্য মন্ত্রণালয় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম গাছ লাগালে সেই ঘাটতি পূরণে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে উদ্যোগী হতে হবে।
ঢাকার আশঙ্কাজনক বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারপ্রধান বলেন, “দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষভাগে অবস্থান করছে, যা দেশের জন্য লজ্জাজনক। এ পরিস্থিতি বদলাতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে।” মানুষকে প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার সুযোগ বাড়াতে পার্ক ও বিনোদন স্থান বৃদ্ধির পাশাপাশি ছাদবাগান ও স্কুলবাগান তৈরিতে উৎসাহিত করার তাগিদ দেন তিনি।
কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “দেশের মানুষের জন্য কাজ করার এই সুযোগ ঈশ্বর প্রদত্ত। কেবল ৯টা-৫টা অফিস করে থেমে না থেকে দেশের পরিবেশ সুরক্ষায় ক্ষমতার বাইরে গিয়েও অতিরিক্ত ভূমিকা রাখতে হবে, যেন ভবিষ্যৎ প্রজন্ম একটি নিরাপদ পরিবেশ পায়।”
উক্ত পর্যালোচনা সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ এবং ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
