
|| নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিশেষ গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জির সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর ও জলবিদ্যুৎ খাতে যৌথ উদ্যোগের বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পায়। বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন যে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় ৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্যের হার মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা অত্যন্ত হতাশাজনক। এই বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে কার্যকর অর্থনৈতিক অংশীদারিত্ব ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা অপরিহার্য বলে তিনি মনে করেন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় স্বল্প দূরত্বে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন উভয় দেশের জন্য লাভজনক হতে পারে বলে তিনি গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, বাণিজ্য মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় খন্দকার আবদুল মুক্তাদিরকে অভিনন্দন জানিয়ে ভুটানের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং তারা এই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী। রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের বুড়িমারি সীমান্ত থেকে ভুটানের দূরত্ব মাত্র একশ কিলোমিটারের মতো হওয়ায় বিনিয়োগ ও বাণিজ্য উভয় দেশের জন্যই সুবিধাজনক।
এছাড়া বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ভুটানি শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ ও পরবর্তীকালে নিজ দেশে ফিরে সেবার মাধ্যমে দুই দেশের সংস্কৃতি ও সৌহার্দ্যের সেতুবন্ধন তৈরি হচ্ছে বলেও তিনি জানান।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার এবং ভুটানের মিনিস্টার কাউন্সিলর দাওয়া শেরিং উপস্থিত ছিলেন।
