
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
দেশে আইনের সুশাসন নিশ্চিত করতে এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় মন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবী ও বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় অসহায় মানুষ অভিযোগ করেন যে তারা সঠিক আইনি সহায়তা পাচ্ছেন না। এ ধরনের অভিযোগ দূর করতে আইনজীবীদের আরও মানবিক হওয়ার পরামর্শ দেন তিনি। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, বিচারক ও আইনজীবীরা নিজেদের কাজের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে এমন এক আস্থার পরিবেশ তৈরি করবেন, যাতে বিচারপ্রার্থীরা আদালতকে তাদের শেষ ভরসার স্থল হিসেবে মনে করতে পারেন।
রাজনৈতিক বিভেদ ভুলে জেলাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, “বিভেদ ও দ্বন্দ্বে জড়িয়ে থেকে কোনো লাভ নেই। আমাদের লক্ষ্য হওয়া উচিত ঐক্যবদ্ধভাবে মানিকগঞ্জকে একটি উন্নত জেলায় পরিণত করা। নির্বাচনে কে আমাকে ভোট দিয়েছেন আর কে দেননি, সেটি বড় বিষয় নয়; আমি এখন এই জেলার সকল মানুষের প্রতিনিধি হিসেবে সেবা করতে চাই।”
জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছ জগলুল হোসেন এবং জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা এবং পাবলিক প্রসিকিউটর নূরতাজ আলম বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে পর্যটন মন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার ছয় তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা আধুনিক ডাকবাংলোর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
