
|| নিজস্ব প্রতিবেদক ||
দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাকৃতিক দুর্যোগে ফসল হারানো এসব কৃষকদের টানা তিন মাস সরকারি সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই জরুরি মানবিক পদক্ষেপের কথা জানান।
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, বৃষ্টির পূর্বাভাস পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসনকে আগাম সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যবশত যেসব কৃষক ফসল হারিয়েছেন, তাদের সঠিকভাবে তালিকাভুক্ত করে আগামী তিন মাস প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী আরও জানান, বুধবার সকালে সংসদে যোগ দেওয়ার আগেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে বর্তমান সংকট মোকাবিলায় বিস্তারিত আলোচনা করেছেন। ক্ষতিগ্রস্ত কোনো কৃষক যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত তালিকা তৈরি করে এই পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে।
ময়মনসিংহসহ নির্দিষ্ট তিনটি জেলায় ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার কৃষকদের এই দুর্দিনে নিরবচ্ছিন্নভাবে সহায়তা পৌঁছে দিতে বদ্ধপরিকর।
