সোমবার, মে ৪

‘বিসিবি দেয় ৬৫০ টাকা, নারী ক্লিনাররা পায় ৩০০’- বিস্মিত তামিম

|| স্পোর্টস ডেস্ক ||

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভ্যন্তরে পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক বণ্টনে অনিয়ম দেখে তীব্র বিস্ময় প্রকাশ করেছেন বোর্ডের অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। নারী পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিসিবি থেকে দৈনিক ৬৫০ টাকা করে বরাদ্দ থাকলেও তারা পাচ্ছেন মাত্র ৩০০ টাকা।

আজ সোমবার (৪ মে) বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধন করতে গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই অনিয়মের কথা বিস্তারিত তুলে ধরেন তামিম ইকবাল।

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির ওয়াশরুম পরিদর্শনে গিয়ে বিষয়টি তামিমের নজরে আসে। সেখানে দর্শকদের অভিযোগের ভিত্তিতে কয়েকজন ক্লিনারের সঙ্গে কথা বলেন তিনি। তখন তারা জানান যে, দৈনিক পারিশ্রমিক হিসেবে তারা মাত্র ৩০০ টাকা করে পাচ্ছেন।

পরবর্তীতে বিষয়টি নিয়ে বিসিবিতে খোঁজ নিয়ে তামিম জানতে পারেন, প্রতি ক্লিনারের জন্য বোর্ড ৬৫০ টাকা করে বিল পরিশোধ করে। থার্ড পার্টি ক্লিনিং সার্ভিসের মাধ্যমে পরিচালিত এই ব্যবস্থায় আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে প্রায় ৫০০ টাকা ক্লিনারদের জন্য নির্ধারিত থাকলেও মাঝপথে একটি মধ্যস্বত্বভোগী চক্র জনপ্রতি ২০০ টাকা করে আত্মসাৎ করছে। ফলে ক্লিনারদের হাতে শেষ পর্যন্ত পৌঁছাচ্ছে মাত্র ৩০০ টাকা।

মিরপুর স্টেডিয়ামের ওয়াশরুমের বেহাল দশা নিয়েও আক্ষেপ প্রকাশ করে তামিম বলেন, স্টেডিয়াম নির্মাণের পর থেকে ওয়াশরুমের আর কোনো বড় ধরনের সংস্কার হয়নি, যা একেবারেই ঠিক হয়নি।

এই চরম অনিয়ম বন্ধে ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নিয়েছেন তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, আগামী সিরিজ থেকেই থার্ড পার্টি বা মধ্যস্বত্বভোগী চক্রের দৌরাত্ম্য বন্ধ করে প্রত্যেক ক্লিনারকে ম্যাচপ্রতি অন্তত ৫০০ টাকা করে সরাসরি তাদের নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে আর কোনো অর্থ আত্মসাতের সুযোগ না থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *