
|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, চলমান সংস্কার কার্যক্রম এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা অত্যন্ত ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। ব্যাংকিং খাতের সংস্কার ও কর-জিডিপি অনুপাতসহ কিছু বিষয়ে সংস্থাটির পর্যবেক্ষণ থাকলেও, আলোচনা ও অংশীদারত্বের মাধ্যমে তা সমাধানের পথ উন্মুক্ত রয়েছে। নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে এবং আগামী দিনগুলোতে পারস্পরিক আলোচনার ভিত্তিতে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আমির খসরু আরও উল্লেখ করেন, সরকারের নির্বাচনী ইশতেহার ও নিজস্ব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আইএমএফসহ বহুপক্ষীয় সংস্থাসমূহের সাথে যৌথভাবে কাজ করতে চায় সরকার। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা ও ব্যাংকিং খাতের সার্বিক উন্নয়নে সংস্থাগুলোর টেকসই অংশীদারত্ব দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর ব্যাংককে শুরু হওয়া আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের এই বার্ষিক সম্মেলন আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে, যেখানে বিশ্বজুড়ে আসা অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও নীতিনির্ধারকরা অংশ নিচ্ছেন।
