সোমবার, জুন ১৫

বর্ষার প্রস্তুতি: কেসিসি প্রশাসকের খাল ও স্লুইসগেট পরিদর্শন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

আসন্ন বর্ষা মৌসুমে মহানগরীর পানি নিষ্কাশন ব্যবস্থাকে কার্যকর রাখতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোমবার (১৫ জুন) সকাল থেকে নগরসংলগ্ন বিভিন্ন খাল, স্লুইসগেট ও ড্রেন সরেজমিনে পরিদর্শন করেছেন।

পানি নিষ্কাশনের অন্তরায় চিহ্নিত করা এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণের লক্ষ্যে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি ৩১ নম্বর ওয়ার্ডের নারকেলবাড়িয়া খাল, ক্ষেত্রখালী খাল ও মতিয়াখালী খাল, ৩০ নম্বর ওয়ার্ডের গোড়া খাল এবং ২২ নম্বর ওয়ার্ডের ২ ও ৩ নম্বর স্লুইসগেট পরিদর্শন করেন।

এ সময় পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খালগুলো থেকে জমে থাকা বর্জ্য ও কচুরিপানা দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রশাসক।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, ৩১ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, সমাজসেবক আফসার উদ্দীন মাস্টার, আসলাম হোসেন, নাজমুল হাসান নাসিম, সাখাওয়াত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কেসিসি সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে নগরীর খাল, ড্রেন ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নিয়মিত পর্যবেক্ষণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *