মঙ্গলবার, জুন ১৬

এমপি মনিরুলের হিজাব ও ইসলাম শিক্ষা বিরোধী বক্তব্যের তীব্র নিন্দা ইসলামী ঐক্য আন্দোলনের

|| নিজস্ব প্রতিবেদক ||

জাতীয় সংসদে এমপি মনিরুল হক চৌধুরীর হিজাব বিদ্বেষী বক্তব্য এবং ইসলামের ইতিহাস ও ইসলামিক স্টাডিজ বিষয়ের প্রতি চরম অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, শতকরা ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত একটি দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে হিজাবের বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য দেশের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে। এছাড়াও ইসলামের ইতিহাস ও ইসলাম শিক্ষাকে চিড়িয়াখানায় পাঠানোর মত মন্তব্য অত্যন্ত গর্হিত। হিজাব কোনো মুসলিম নারীর ব্যক্তিগত পোশাকের বিষয় নয়, বরং এটি পবিত্র কুরআনের অমোঘ বিধান এবং মুসলিম সংস্কৃতির অন্যতম অবিচ্ছেদ্য অংশ। জাতীয় সংসদে দাঁড়িয়ে পর্দার মতো একটি ফরজ বিধানের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ইসলামী ঐক্য আন্দোলনের আমীর আরও বলেন, এমপি মনিরুল হক যেভাবে ইসলামিক স্টাডিজ ও ইসলামের ইতিহাস চর্চাকে কটাক্ষ করেছেন, তা কেবল তার অজ্ঞতারই বহিঃপ্রকাশ নয়, বরং এটি এ দেশের মুসলিম ঐতিহ্য ও শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রের অংশ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিশ্বের অন্যতম সমৃদ্ধ ইতিহাস, যা মানবজাতিকে সভ্যতার আলো দেখিয়েছে। এই গৌরবময় শিক্ষাকে খাটো করে দেখার অপচেষ্টা এ দেশের তৌহিদী জনতা বরদাশত করবে না।

বিবৃতিতে অবিলম্বে মনিরুল হক, এমপিকে তার এই ইসলামবিদ্বেষী ও আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে, ভবিষ্যতে জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে কেউ যেন ইসলাম ও মুসলিম সংস্কৃতির বিরুদ্ধে এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার সাহস না পায়, সে বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ ও কার্যকর ভূমিকা রাখার দাবি জানায় সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *