
|| স্পোর্টস ডেস্ক ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (১৭ জুন) বুধবার টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারের আগেই ১৩১ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। শুরুতে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর শেষদিকে শেখ মেহেদীর ২২ বলে ২৯ রানের লড়াকু ইনিংসে ভর করে এই মামুলি পুঁজি পায় টাইগাররা।
ম্যাচের শুরুতেই ব্যাটিং ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ২৬ রানের মাথায় স্পেন্সার জনসনের বলে অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে জেভিয়ার বার্টলেটের হাতে ক্যাচ দেন ওপেনার তানজিদ হাসান। বিদায়ের আগে তিনি করেন ৯ বলে ১০ রান।
শুরুর জুটি ভাঙার পর ওয়ানডাউনে নামা সাইফ হাসান কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা করেন। তবে পাওয়ার প্লের মধ্যেই ম্যাট রেনশের বলে মিড অফে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১৪ বলে ২০ রান করা এই ব্যাটার। এক প্রান্তে উইকেট পড়লেও অন্য প্রান্তে এসেই ছক্কা হাঁকিয়ে আগ্রাসী শুরু করেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। কিন্তু অ্যাডাম জাম্পার গুগলি বুঝতে না পেরে বোল্ড হয়ে মাত্র ৮ রানেই (৫ বল) থামে তার ইনিংস।
দলীয় ৫৭ রানে ৩ উইকেট হারানোর পর পারভেজ হোসেনের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন সৌম্য সরকার। তবে বড় শট খেলতে গিয়ে জাম্পার দ্বিতীয় শিকার হন ১৮ বলে ১৭ রান করা সৌম্য। ডিপ কাভারে দারুণ এক ক্যাচ নেন নিখিল চৌধুরি। ৬৮ রানে ৪ উইকেট হারানোর পর উইকেটে আসেন অভিষিক্ত অলরাউন্ডার আব্দুল গাফফার সাইকলাইন। কিন্তু ইনিংসের মাঝপথে জোয়েল ডেভিসের স্পিন বিষে কুপোকাত হন পারভেজ হোসেন। স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১২ বলে ১০ রান।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে একশ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে শেষদিকের ব্যাটারদের দৃঢ়তায় এবং শেখ মেহেদীর দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৩১ রান তুলতে সক্ষম হয় লাল-সবুজের দল। অস্ট্রেলিয়ার পক্ষে নিয়ন্ত্রিত বোলিং করেন অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।
