
|| আন্তর্জাতিক ডেস্ক ||
পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অভাবনীয় জয়ের পর রাজ্যটিতে বড় ধরনের নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিনের টানাপোড়েন শেষে এবার রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ বাস্তবায়ন হতে যাচ্ছে। নির্বাচনে জয়ের পর দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়া এক বিজয় ভাষণে এই ঘোষণা দেন তিনি। এর ফলে রাজ্যের কোটি কোটি মানুষের চিকিৎসার খরচ ও দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে নিজস্ব স্বাস্থ্য প্রকল্প থাকার যুক্তি দেখিয়ে কেন্দ্রীয় এই জনমুখী প্রকল্পটি চালু করেনি। তবে মোদী স্পষ্ট জানিয়েছেন, বাংলায় নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের অনুমোদন দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লাখ রুপি পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবে। বিশেষ বিষয় হলো, ৭০ বছরের বেশি বয়সী সব নাগরিক স্বয়ংক্রিয়ভাবেই এই বিমার আওতায় চলে আসবেন।
বিজয় ভাষণে বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নরেন্দ্র মোদী বলেন, আজ থেকে বাংলার ভবিষ্যতের জন্য এক নতুন যাত্রা শুরু হলো। উন্নয়ন, বিশ্বাস ও আশা নিয়ে রাজ্যটি সামনের দিকে এগিয়ে যাবে। তিনি আরও আশ্বাস দেন যে, রাজ্যে নারী নিরাপত্তা নিশ্চিত করা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং ভিনরাজ্যে শ্রমিকদের অভিবাসন বন্ধে বিজেপি সরকার দিন-রাত কাজ করবে।
উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই স্বাস্থ্যবিমা চালু রয়েছে, যার ব্যয় কেন্দ্র ও রাজ্য যৌথভাবে বহন করে। গত বছর ওড়িশা ও দিল্লিতেও এই প্রকল্প কার্যকর করা হয়েছে। এতদিন রাজনৈতিক মতভেদের কারণে বাংলার সাধারণ মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত থাকলেও, মোদীর এই ঘোষণার পর রাজ্যে স্বাস্থ্যসেবা খাতে এক বিশাল পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
