
|| নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের রেলযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে অগ্রিম টিকিট বিক্রির দিনক্ষণ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে এবারের ঈদযাত্রার টিকিট যুদ্ধ। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মে দেওয়া হবে ২৩ মে’র যাত্রার টিকিট। একইভাবে ১৪ মে দেওয়া হবে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে মিলবে ২৭ মে’র অগ্রিম টিকিট।
টিকিটপ্রত্যাশীদের বাড়তি চাপ ও সার্ভারের ওপর লোড কমাতে এবার অঞ্চলভেদে ভিন্ন সময়ে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে পাওয়া যাবে।
অন্যদিকে, পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী ঈদযাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবারই টিকিট সংগ্রহের সুযোগ পাবেন। প্রতিবার সর্বোচ্চ ৪টি করে টিকিট কেনা যাবে। তবে ঈদযাত্রার এই বিশেষ টিকিটগুলো কোনোভাবেই রিফান্ড বা ফেরত দেওয়া যাবে না। মূলত স্টেশনে ভিড় কমানো এবং টিকিট কালোবাজারি রুখতেই শতভাগ টিকিট অনলাইন প্ল্যাটফর্মে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
