
|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||
জনদুর্ভোগ নিরসন ও যানজট মুক্ত করতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আক্তারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে থানার মোড় পর্যন্ত বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন, তাড়াইল থানা পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে প্রধান সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ফুটপাতের দোকান ও ভাসমান স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত থেকে কলা, সবজি, ফলমূল, বিস্কুট, চানাচুরসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
এই অভিযানে একটি বিশেষ মানবিক উদ্যোগ লক্ষ্য করা গেছে। অভিযানে জব্দকৃত মালামাল নষ্ট না করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাড়াইল উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়েছে। এই বিষয়ে ইউএনও তানজিলা আক্তার বলেন, “আইন প্রয়োগের পাশাপাশি মানবিকতাকেও আমরা গুরুত্ব দিচ্ছি। জব্দকৃত খাদ্যসামগ্রী এতিম শিশুদের কাজে লাগলে আমাদের অভিযান সার্থক হবে।”
প্রশাসনের এই অভিযান চলাকালে সাধারণ পথচারীরা স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় স্কুলশিক্ষক আব্দুল করিম বলেন, “ফুটপাত দখলের কারণে রাস্তায় হাঁটা দায় হয়ে গেছিল। ইউএনও স্যারের এই উদ্যোগে আমরা খুশি। তবে গরিব দোকানিদের জন্য বিকল্প ব্যবস্থা করলে আরও ভালো হতো।”
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ফল বিক্রেতা নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “পেটের দায়ে রাস্তায় বসছিলাম। মাল নিয়া গেছে, এখন কী করব বুঝতেছি না। তবে শুনলাম এতিমখানায় দিছে, শুনে মনটা একটু শান্ত হইলো।”
ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রশাসনের বক্তব্য জানতে চাইলে ইউএনও তানজিলা আক্তার আরও জানান, পর্যায়ক্রমে উপজেলার সকল সড়ক অবৈধ দখলমুক্ত করা হবে। একইসাথে প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা করে নির্দিষ্ট স্থানে ‘হকার্স কর্নার’ নির্মাণের পরিকল্পনা উপজেলা পরিষদের রয়েছে। তিনি জনস্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন।
তাড়াইল উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত মনিটরিং চলবে এবং ভবিষ্যতে কাউকে সরকারি জায়গা দখল করে ব্যবসা করতে দেওয়া হবে না।
