
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গতিধারা অব্যাহত রয়েছে। চলতি জুন মাসের প্রথম ১৩ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩৬ কোটি ২২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে আজ সোমবার এ তথ্য জানা গেছে। পরিসংখ্যান অনুযায়ী, এ মাসের প্রথম ১৩ দিনে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪৮ লাখ ডলার রেমিট্যান্স।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৩ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮২ কোটি ৫৩ লাখ ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ৪০ হাজার ডলার।
এর আগে সদ্য সমাপ্ত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর গত মার্চে এসেছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা রেকর্ড সর্বোচ্চ ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের অর্থনীতিতে বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।
