
|| ধর্ম ডেস্ক ||
পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৫৬ হাজার ৮৬৮ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে প্রত্যাবর্তন করেছেন। বিমান বাংলাদেশ, সৌদি অ্যারাবিয়ান ও ফ্লাইনাস এয়ারলাইনসের মোট ১৩৪টি ফিরতি ফ্লাইটে তারা সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। আজ সোমবার (১৫ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫২ হাজার ৫৫৫ জন। গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে। চলতি বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজারেরও বেশি মুসল্লি হজ পালনে সৌদি আরব গিয়েছিলেন।
এদিকে, চলতি বছর হজের মরসুমে সৌদি আরবে গিয়ে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫২ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করলেন, যার মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। এছাড়া হজের সার্বিক সময়ে সৌদির বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন বলেও বুলেটিনে জানানো হয়েছে।
