Monday, September 21

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সকালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সফরসূচি অনুযায়ী, তুরস্কে ট্রানজিট শেষে আজ বিকেলে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে অভ্যর্থনা জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। সফরকালে তিনি ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’-এ অবস্থান করবেন।

জাতিসংঘের এই সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটিই প্রধানমন্ত্রীর প্রথম অংশগ্রহণ। সফরকালে তিনি ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত প্রাতরাশসভা ও সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।

সফরকালে তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক বৈষম্য সংকট এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিয়ে বক্তব্য দেবেন। ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সংক্রান্ত বৈঠকে উদ্বোধনী ভাষণ ছাড়াও মাতৃ ও নবজাতক স্বাস্থ্য বিষয়ে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

অধিবেশনের ফাঁকে বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়া মেটা ও ওয়াল স্ট্রিটসহ বেশ কিছু ব্যবসায়ী সংগঠনের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর রাতে ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *