
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের চিলমারীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগ এবং ‘পল্লী সবুজায়ন কর্মসূচি’র আওতায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষার পাশাপাশি ব্যাংকটির সুবিধাভোগী সদস্যদের মাঝে উদ্যোক্তা ঋণের চেকও বিতরণ করা হয়।
উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংক চিলমারী শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাহমুদুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা বিআরডিবি কর্মকর্তা জনাব উম্মে কুলছুম।
বিশেষ অতিথির বক্তব্যে বিআরডিবি কর্মকর্তা বৃক্ষরোপণের নানা উপকারিতা তুলে ধরে উপস্থিত সকলকে নিয়মিত গাছ লাগানো এবং এর পরিচর্যায় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান পরিবেশ রক্ষায় সকলকে বেশি করে গাছ লাগানোর অনুরোধ জানান। একই সাথে রোপণকৃত গাছের যথাযথ যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও সবাইকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপস্থিত সদস্যদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন। একই অনুষ্ঠানে উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যাংকের সদস্যদের মাঝে ঋণের চেক হস্তান্তর করা হয়।
