Wednesday, September 23

ক্রস-কান্ট্রি হাইকিংয়ে মানিকগঞ্জের দুই যুবক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত—বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত পায়ে হেঁটে পাড়ি দেওয়ার দুঃসাহসিক অভিযানে নেমেছেন মানিকগঞ্জের দুই তরুণ রুবাই হাসান ও আব্দুল আহাদ হৃদয়।

আজ রবিবার (৯ আগস্ট) বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন তারা। দীর্ঘ এই পথযাত্রায় দেশের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ-পূর্ব প্রান্ত পর্যন্ত পায়ে হেঁটে অতিক্রম করার লক্ষ্য নিয়েছেন দুই অভিযাত্রী।

তাদের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘ক্রস-কান্ট্রি হাইকিং’। শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে দেশের বৈচিত্র্যময় জনপদ, প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার কাছাকাছি থেকে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ।

রুবাই হাসান ও আব্দুল আহাদ হৃদয় বলেন, “বাংলাদেশকে আমরা শুধু দূর থেকে দেখতে চাই না; পায়ে হেঁটে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে বাংলাদেশকে অনুভব করতে চাই। এই যাত্রা আমাদের জন্য যেমন একটি চ্যালেঞ্জ, তেমনি এটি একটি স্বপ্নপূরণের অভিযান।”
তাদের পরিকল্পনা অনুযায়ী, বাংলাবান্ধা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা ও জনপদ অতিক্রম করে শেষ পর্যন্ত টেকনাফ জিরো পয়েন্টে পৌঁছানোর চেষ্টা করবেন তারা। দীর্ঘ এই যাত্রাপথে প্রকৃতির বৈচিত্র্য, মানুষের জীবনযাপন এবং দেশের সৌন্দর্যকে কাছ থেকে দেখার পাশাপাশি নিজেদের সীমাবদ্ধতাকে জয় করার অভিজ্ঞতাও অর্জন করতে চান দুই তরুণ।

মানিকগঞ্জের এই দুই যুবকের ব্যতিক্রমী অভিযানের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ ও আগ্রহ। অনেকেই তাদের এই সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়ে সফল ও নিরাপদ যাত্রার জন্য শুভকামনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *