
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় পৌনে ১০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

বিজিবি সূত্র জানায়, গত ৪৮ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৯ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ, প্যান্ট পিস ও গবাদিপশুসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে মাদক, চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাকারবারীদের যেকোনো অপতৎপরতা নস্যাৎ করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
