
|| আন্তর্জাতিক ডেস্ক ||
মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ইরান-সমর্থনমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জয়নাব দাসতি নামের এক কুয়েতি টেলিভিশন উপস্থাপিকাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কুয়েতে জন্মগ্রহণকারী এই উপস্থাপিকা টেলিভিশনের পর্দা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষে অবস্থান নিয়েছিলেন, যা দেশটির রাষ্ট্রীয় নীতি ও জাতীয় নিরাপত্তার পরিপন্থী হিসেবে বিবেচনা করেছে আদালত।
কুয়েত সরকার দীর্ঘদিন ধরে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে একটি নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার নীতি অনুসরণ করে আসছে। তবে বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে ইরানের পক্ষে এমন প্রকাশ্য বক্তব্যকে দেশটির কর্তৃপক্ষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের কূটনৈতিক অবস্থান এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষুণ্ন করতে পারে—এমন যেকোনো ধরনের প্রচারণার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নেবে।
এদিকে এই সাজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া ও নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এক পক্ষ বিষয়টিকে বাকস্বাধীনতার ওপর বড় আঘাত হিসেবে দেখছেন। অন্য পক্ষ মনে করছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে এ ধরনের মন্তব্য কুয়েতের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
বিশ্লেষকদের মতে, এই কারাদণ্ডের ঘটনাটি প্রমাণ করে যে আঞ্চলিক সংঘাতের আঁচ এখন শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বরং তা মিডিয়া ও সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতার ওপরও বড় প্রভাব ফেলছে।
