
|| নিজস্ব প্রতিবেদক ||
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। মঙ্গলবার (১৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ‘জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১’ এর ধারা-৮(১) এবং ধারা-৮(২) অনুযায়ী তাকে সংস্থাটির চেয়ারম্যান পদের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ২ বছরের জন্য তিনি চেয়ারম্যান হিসেবে নিয়োজিত থাকবেন। তবে এই মেয়াদের মধ্যে সরকার চাইলে যেকোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনিও সরকারের উদ্দেশ্যে নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন। প্রজ্ঞাপনে আরও স্পষ্ট করা হয়েছে যে, এই নিয়োগটি সম্পূর্ণ অবৈতনিক হিসেবে গণ্য হবে।
