রবিবার, জুন ১৪

অবশেষে বিজিবির কাছে বাংলাদেশি কিশোরীকে হস্তান্তর করল বিএসএফ

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে প্রায় ১০ ঘণ্টার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ১২ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (১৪ জুন) লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘগয়ারপাড় এলাকার বাসিন্দা জামাল উদ্দিন ও নাজমা বেগম দম্পতির মেয়ে জয়নব খাতুন (১২) শনিবার দুপুরে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে সীমান্তবর্তী দক্ষিণ অনন্তপুর-নাজিরহাট এলাকার আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩/৩ সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।

এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাকে দেখতে পেয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করে। তবে কাশিপুর বিওপির টহলরত বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে ভারতের বাসিন্দা বলে দাবি করে। এর পরিপ্রেক্ষিতে তাকে পুনরায় ভারতের দিকে পাঠানো হয়। পরে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

একপর্যায়ে ১৩৮ বিএসএফ ব্যাটালিয়নের ধাপরাহাট বিওপির সদস্যরা ভারতীয় সীমান্তবর্তী শুকারেরকুটি গ্রাম এলাকা থেকে কিশোরীকে নিজেদের হেফাজতে নেয় এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তদন্তে তার বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়ার পর বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করে।

পরে বিজিবি কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। শনিবার রাত পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩-এর সাব-পিলার ৩-এস সংলগ্ন এলাকায় কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ কিশোরী জয়নবকে বিজিবির কাছে হস্তান্তর করে।

কিশোরীর মা নাজমা বেগম জানান, শনিবার সকালে মেয়েকে স্কুলে পাঠানোর সময় খাবার নিয়ে বায়না ধরলে তিনি তাকে না খাইয়েই স্কুলে পাঠান। পরে দুপুরে স্কুলে গিয়ে জানতে পারেন, তার মেয়ে সেখানে যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, সে সীমান্ত এলাকায় গেছে এবং বিএসএফ তাকে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে মেয়েকে ফিরে পান।

কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বলেন, “পতাকা বৈঠক শেষে বিএসএফ কিশোরীকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাকে আমার জিম্মায় দেয়।”

বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *