
|| নিজস্ব প্রতিবেদক ||
বিশ্বমানের গবেষণা, আধুনিক ডিজিটাল লাইব্রেরি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN) এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস (CUP)-এর যৌথ উদ্যোগে “BdREN–CUP Collaboration: Pathway Towards Global Knowledge” শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BdREN ট্রাস্টের চেয়ারপার্সন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (UITS)-এর প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান সোনিয়া নাজনীন।
দিনব্যাপী এ কর্মসূচিতে ডিজিটাল লাইব্রেরি উন্নয়ন, গবেষণা প্রকাশনা, ওপেন অ্যাক্সেস (Open Access), জাতীয় ই-রিসোর্স কনসোর্টিয়াম এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা তথ্যভান্ডারে সহজ প্রবেশাধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
কর্মসূচির গ্রুপ আলোচনায় UITS-এর প্রতিনিধিরা “Designing the University Digital Library of 2030” বিষয়ে অংশ নিয়ে ভবিষ্যৎমুখী ডিজিটাল লাইব্রেরির ধারণা ও সম্ভাবনা তুলে ধরেন। এছাড়া, উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব এবং ইন্টারঅ্যাকটিভ কুইজে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গবেষণা, ডিজিটাল তথ্যসেবা ও একাডেমিক প্রকাশনা বিষয়ে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন।
এ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে UITS লাইব্রেরি আন্তর্জাতিক মানের জ্ঞানসম্পদ ও গবেষণা সহযোগিতার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেল, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং গ্রন্থাগার কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
