
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ তুলে এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত এবং দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, নির্ধারিত সরকারি নীতিমালা ও হাইকোর্টের আদেশ উপেক্ষা করে কেবল রাজনৈতিক বিবেচনা ও অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে সার ডিলারশিপ বিতরণ করা হয়েছে। ফলে সারা দেশে সার বিতরণব্যবস্থায় চরম নৈরাজ্য তৈরি হয়েছে এবং এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে সাধারণ কৃষক ও কৃষি খাতের ওপর। দিনাজপুর, রংপুরের বদরগঞ্জ ও পীরগাছাসহ বিভিন্ন এলাকায় সারের কৃত্রিম সংকট, চোরাচালান ও কালোবাজারির নানা তথ্য উল্লেখ করে তিনি দাবি করেন, নিয়ম লঙ্ঘন করে একই পরিবারের একাধিক ব্যক্তি ও অ-ব্যবসায়ীদের ডিলারশিপ প্রদান করা হয়েছে।
এমন পরিস্থিতিতে সার সংকট নিরসন ও বিতরণব্যবস্থায় স্বচ্ছতা আনায় জামায়াতের পক্ষ থেকে ৬ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ডিলার নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের নিরপেক্ষ তদন্ত, যোগ্যতার মানদণ্ড ও লাইসেন্স প্রদানের ভিত্তি জনসমক্ষে প্রকাশ, মাঠপর্যায়ের প্রকৃত তথ্য উন্মোচন এবং জড়িতদের দ্রুত আইনি আওতায় আনা।
সংবাদ সম্মেলনে সার সংকটের পাশাপাশি সংবিধান সংস্কার ও সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলেন জামায়াত নেতারা। তারা জুলাই বিপ্লবের স্পিরিট অনুযায়ী বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
