
|| নিজস্ব প্রতিবেদক ||
তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী ঐক্য আন্দোলন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমআ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “একদিকে সাধারণ মানুষ যখন নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, অন্যদিকে রাতারাতি লিটার প্রতি জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়িয়ে দিয়ে জনগণের ওপর মড়ার ওপর খাঁড়ার ঘা বসানো হয়েছে। তেলের এই চড়া মূল্যের অজুহাতে পরিবহন ভাড়াসহ প্রতিটি পণ্যের দাম এখন আকাশচুম্বী। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের নির্মম কারসাজিতে দেশের বাজারব্যবস্থা আজ সম্পূর্ণ ভেঙে পড়েছে।”
তিনি আরও বলেন, “জনগণকে জিম্মি করে এভাবে মূল্যবৃদ্ধি কোনোভাবেই সহ্য করা হবে না। অবিলম্বে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে এবং অসাধু সিন্ডিকেটের কালো হাত গুঁড়িয়ে দিয়ে বাজারে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে হবে। একইসঙ্গে দেশের সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে বিদ্যুৎ, পানি ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে।”
ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের আমীর মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান ও অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমেদসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এখন সীমার বাইরে চলে গেছে। জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে না আনা পর্যন্ত রাজপথের এই প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
