Saturday, September 26

শিবালয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ২ হাজার পিস ইয়াবাসহ জাহানারা খাতুন (৪১) নামে এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তেওতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জমদুয়ারা গ্রাম এলাকায় স্থানীয়রা তাকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

আটক জাহানারা খাতুন পাবনা জেলার সাঁথিয়া থানার কাশিনাথপুর গ্রামের সরেমানের স্ত্রী। বর্তমানে তিনি পাবনার সুজানগর থানার নাজিরগঞ্জ এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, জাহানারা খাতুনকে প্রায়ই জমদুয়ারা এলাকায় দেখা যেত। তাদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার ইদ্রিসের ছেলে ইন্না মিয়ার কাছে মাদকের চালান সরবরাহ করে আসছিলেন। শুক্রবার ইন্না মিয়ার বাড়ির সামনে তাকে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করেন। পরে তাকে আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিয়ে গিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশের উপস্থিতিতে তার ব্যাগে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের উপস্থিতিতে আয়শা আক্তার নামে এক নারী দাবি করেন, গত প্রায় এক মাস ধরে জাহানারা কয়েক দফায় ইন্না মিয়াকে ইয়াবা সরবরাহ করে আসছেন।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *