Saturday, September 19

বদলগাছী হাসপাতালে নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||

নওগাঁর বদলগাছী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বর থেকে কোনো প্রকার সরকারি নিলাম বা আইনি প্রক্রিয়া ছাড়াই মেহগনিসহ বেশ কয়েকটি মূল্যবান গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। হাসপাতালের আউটসোর্সিং ওয়ার্ডবয় মো. বাপ্পির বিরুদ্ধে এসব গাছ কেটে স্থানীয় বিভিন্ন স মিলে (করাত কল) বিক্রি করার কথা জানিয়েছেন স্থানীয়রা। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে কীভাবে হাসপাতালে গাছ কাটা হলো, তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে হাসপাতালের চত্বর থেকে বেশ কয়েকটি পুরনো ও মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ওয়ার্ডবয় বাপ্পির কাছে কারণ জানতে চান। তবে তিনি কোনো সদুত্তোর না দিয়ে গাছ কাটা ও তা স মিলে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রাখেন।

অভিযোগ রয়েছে, সরকারি হাসপাতালের সম্পদ রক্ষায় দায়িত্বপ্রাপ্তদের অবহেলার সুযোগে ওই কর্মচারী নিজ প্রভাবে এসব গাছ অবৈধভাবে কেটে বিক্রি করেছেন।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও) ডা. কানিজ ফাতেমা জানান, “গাছগুলো কোনো নিয়মমাফিক ডাক (নিলাম) ছাড়াই কাটা হয়েছে। তবে আমরা বিষয়টি নিষ্পত্তির জন্য বন বিভাগকে চিঠি পাঠিয়েছি।”

তবে টিএসওর এই দাবির সঙ্গে চরম অসঙ্গতি দেখা গেছে বন বিভাগের তথ্যে। বদলগাছী উপজেলা বন কর্মকর্তা মো. খাইরুল ইসলাম জানান, গত তিন মাসের মধ্যে বদলগাছী হাসপাতাল কর্তৃপক্ষ থেকে গাছ কাটা বা বিক্রির বিষয়ে কোনো ধরনের চিঠি বা আবেদন তারা পাননি। নিয়ম অনুযায়ী বন বিভাগের অনুমোদন ও এসেসমেন্ট ছাড়া সরকারি গাছ কাটার কোনো সুযোগ নেই।

বন কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যে স্পষ্ট অমিল দেখা দেওয়ায় ঘটনার পেছনে অনিয়মের সন্দেহ জোরালো হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সুশীল সমাজ দ্রুত তদন্ত সাপেক্ষে সরকারি সম্পদ আত্মসাৎকারী ওয়ার্ডবয় বাপ্পিসহ এর পেছনে জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *