Wednesday, September 16

মক্কার কাছে হুতিদের ড্রোন হামলা ভণ্ডুল করল সৌদি

|| আন্তর্জাতিক ডেস্ক ||

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আকাশে প্রবেশের আগেই ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর একটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি সামরিক জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) ভোরে সৌদি নেতৃত্বাধীন জোটের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মক্কার সীমানার বাইরে আকাশে ড্রোনটি শনাক্ত করা হয় এবং সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ধ্বংস করে। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণাঞ্চলে গিয়ে পড়ে।

তুর্কি আল-মালিকি আরও উল্লেখ করেন, পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে এটি হুতিদের দ্বিতীয়বারের মতো হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল গোষ্ঠীটি।

এদিকে পবিত্র নগরী লক্ষ্য করে এমন হামলা চেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। সংস্থাটি এই তৎপরতাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে অভিহিত করে সৌদির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।

সৌদি জোটের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ের এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় খামিস মুশাইত, আবহা ও তায়েফে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং বেশ কিছু বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা ও একাধিক প্রদেশ দখলে নিলে গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন জানিয়ে সৌদি নেতৃত্বাধীন আরব জোট যুদ্ধে হস্তক্ষেপ করে। দীর্ঘ দিন সংঘাত ঝিমিয়ে থাকলেও গত জুলাই মাসের শুরু থেকে আবারও দুই পক্ষের সংঘর্ষ তীব্র রূপ নিয়েছে।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *