Wednesday, September 16

মহাকাশে মার্কিন অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে রাশিয়ার হুঁশিয়ারি

|| আন্তর্জাতিক ডেস্ক ||

মহাকাশে সম্ভাব্য অস্ত্র প্রতিযোগিতা প্রতিরোধে জরুরি এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোর দাবি জানিয়েছে রাশিয়া। মার্কিন বিমানবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা কক্ষপথে ব্যবহারের উপযোগী অস্ত্রের অধিকারী বলে প্রকাশ্য মন্তব্য করার পর মস্কোর পক্ষ থেকে এই তীব্র প্রতিক্রিয়া জানানো হয়।

আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মার্কিন সামরিক অবস্থানের তীব্র সমালোচনা করে জানান, ওয়াশিংটনের নেওয়া এসব পদক্ষেপ আন্তর্জাতিক নিরাপত্তার ওপর মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

মারিয়া জাখারোভা বলেন, মার্কিন বিমানবাহিনীর সচিব ট্রয় মিঙ্কের সাম্প্রতিক বক্তব্যই প্রমাণ করে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে রাশিয়ার উদ্যোগ কতটা সময়োপযোগী। মহাকাশে যেকোনো ধরনের অস্ত্র মোতায়েন পুরোপুরি নিষিদ্ধ করা এবং মহাকাশকে মাধ্যম হিসেবে ব্যবহার করে বলপ্রয়োগ বা হুমকি বন্ধে একটি বাধ্যতামূলক বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি গঠন প্রয়োজন।

তিনি নিশ্চিত করেন, আগামী ৫ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম কমিটিতে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করবে মস্কো। মহাকাশে শান্তি বজায় রাখা ও সামরিক সংঘাত এড়াতে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রকে রাশিয়ার এই প্রস্তাবে সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।

সূত্র: তাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *