Tuesday, September 15

নাগেশ্বরীতে কাব ক্যাম্পুরীর সমাপনী ও মহাতাবু জলসা অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ স্কাউটস নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে কাব ক্যাম্পুরী, মহাতাবু জলসা ও তিন দিনব্যাপী কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।

ডেপুটি ক্যাম্প চিফ ও বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার কমিশনার ইউনুস আলী এবং স্কাউটসের সাধারণ সম্পাদক ও শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবুল করিম ও হ্যাপি।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, এলটি খায়রুল এনাম খন্দকার, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউট কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের খুদে কাব স্কাউট সদস্যরা টানা তিন দিন মাঠের তাবুতে অবস্থান করে স্কাউটিংয়ের বিভিন্ন নিয়ম-কানুন ও প্রশিক্ষণ গ্রহণ করেছে, যা তাদের আগামী দিনে সুন্দর দেশ গড়ার প্রত্যয়ে উদ্বুদ্ধ করবে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, সকলের সহযোগিতায় আগামীতে আরও বড় পরিসরে এই ক্যাম্পুরীর আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *