
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদী থেকে মাটি কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মাটি কাটার কাজে জড়িতদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সিংজুরী ইউনিয়নের পূর্ব কোশুন্ডা গ্রামের সড়কঘাটা (আশাপুর) এলাকায় নদীর তীরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, ট্রলার ও বাল্কহেড নিয়ে একটি দল কালীগঙ্গা নদীর ওই অংশ থেকে মাটি কাটতে গেলে তারা বাধা দেন। নদী থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে তীরবর্তী ফসলি জমি ও বসতভিটা মারাত্মক ভাঙনের ঝুঁকিতে পড়ার আশঙ্কা থেকেই এলাকাবাসী আপত্তি জানান। এ নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে পূর্ব কোশুন্ডা গ্রামের আব্দুল মান্নান (৫০), কাশেম (৪৪), নান্নু (৪২), আব্দুল্লাহ, জাহিদ (২২), পলাশ (১৮) ও রফিক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, সংঘর্ষের সময় আল আমিন, সম্রাট, লোকমান, আখতার মেম্বার, হযরত, বর্তমান ইউপি সদস্য গুলজার ও মানিকসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে ঘিওর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধসহ সংঘর্ষে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
