Sunday, September 13

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আল কুরআন ভোকাবুলারি কম্পিটিশন

|| মির্জা নাদিম ||

আল কুরআনের জ্ঞানকে শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ গুরুত্বের জায়গায় প্রতিষ্ঠার লক্ষ্যে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার উত্তরার ১৬ নম্বর সেক্টর দ্বিতীয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘আল কুরআন ভোকাবুলারি কম্পিটিশন’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় কুরআনের শব্দার্থ ও অর্থ অনুধাবনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রাণবন্ত এ অনুষ্ঠানে ভাইস প্রিন্সিপাল এরশাদুল্লাহ আজহারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল বলেন, তানযীমুল উম্মাহ প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল হাফেজ ও আলেম তৈরির মাধ্যমে সমাজের সর্বস্তরে আল কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া। শিক্ষার্থীরা শুধু হিফজের মধ্যেই সীমাবদ্ধ না থেকে কুরআনের শব্দ ও অর্থ নিয়ে অধ্যয়ন এবং গবেষণায় আগ্রহী হয়ে উঠছে—এটি অত্যন্ত আশাব্যঞ্জক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ এবং বিশিষ্ট আলেম ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোশাররফ হোসাইন।

প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মাজালিসুল ইলমের পরিচালক মাওলানা আবু নাইম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১৬ নম্বর সেক্টর মসজিদের খতিব হাফেজ মাওলানা এনামুল হাসান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম এম রবিউল ইসলাম, তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার স্থায়ী ক্যাম্পাসের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাশহুদুল আলম, তানযীমুল উম্মাহ আল আরক্বাম শাখার প্রিন্সিপাল সাইফুল্লাহ ফয়সাল, ফাউন্ডেশনের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক নূরুল আমিন, আলিম মাদরাসার মূল ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ আরীফ উল্লাহ, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, উত্তরা ১০ নম্বর সেক্টরের প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমানসহ ফাউন্ডেশন পরিচালিত উত্তরা শাখাগুলোর প্রধান, মাদরাসার দায়িত্বশীল, শিক্ষক ও কর্মকর্তারা।

আলোচনা পর্ব শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *