Wednesday, September 2

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী সেলফী পরিবহনের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও যাত্রী নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে বাসটির রুট পারমিট বাতিলের দাবি জানিয়েছে নাগরিক সচেতন মহল।

আজ ২ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের বাসগুলো দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করে চলছে। স্মারকলিপিদাতারা সেলফী পরিবহনের গত কয়েক বছরের দুর্ঘটনার রেকর্ড, মামলা, গাড়ির ফিটনেস, রুট পারমিট ও চালকদের লাইসেন্স তদন্তের জোর দাবি জানান। জননিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মহাসড়কটিতে এই পরিবহনের রুট পারমিট বাতিল রাখার আহ্বান জানানো হয়।

সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক খন্দকার তুহিন হোসেন বলেন, তদন্তে কোনো ধরনের অনিয়ম বা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে সেলফী পরিবহনের অনুমোদিত ও অবৈধ গাড়ির সংখ্যা নির্ধারণের পাশাপাশি সব গণপরিবহনের ফিটনেস ও চালকের লাইসেন্স নিয়মিত যাচাই করা জরুরি।

স্মারকলিপি প্রদানকালে নাগরিক সচেতন সমাজের আহ্বায়ক খন্দকার তুহিন হোসেন, সদস্য পীযূষ ফাইটার, মো. চঞ্চল, রুবেল হোসেন, সাকিব আল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *