Wednesday, September 2

ভূরুঙ্গামারীতে গভীর রাতে অভিযান: ৩২ বস্তা সার জব্দ, জরিমানা ৪ লাখ ৫ হাজার

|| ​কুড়িগ্রাম প্রতিনিধি ||

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুদের দায়ে মেসার্স খোকন ব্রিক্সের মালিকসহ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযান চালিয়ে মোট ৩২ বস্তা ইউরিয়া, ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়েছে।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাতে গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকার মেসার্স খোকন ব্রিক্সের দুটি ঘরে তল্লাশি চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে ইটভাটার ঘরে সার মজুদের অপরাধে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ শফিকুল ইসলাম খোকনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

​একই রাতে পার্শ্ববর্তী কুড়ারপাড় বাজারের মেসার্স রফিক ট্রেডার্সে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা ৯ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়। এ ঘটনার দায়ে ব্যবসায়ী রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

​অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
​কৃষি মৌসুমে সারের কৃত্রিম সংকট ও কালোবাজারি রোধে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে জানিয়ে উপজেলা প্রশাসন জানায়, জব্দ করা সারগুলো কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষকদের মাঝে নির্ধারিত সরকারি মূল্যে বিক্রি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *