
|| আন্তর্জাতিক ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই দীর্ঘমেয়াদি সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত পিছু হটবেন—এমন ধারণার ওপর ভিত্তি না করে ভবিষ্যতের যেকোনো পরিস্থিতি মোকাবেলায় নিজেদের প্রস্তুত করছে তেহরান।
ইরানি পত্রিকা ‘আল-উইফাক’-এর প্রধান সম্পাদক মোখতার হাদ্দাদ আল জাজিরাকে জানান, ট্রাম্প শুরুতে নানা বড় দাবি করলেও শেষ পর্যন্ত সমঝোতা স্মারকেই ফিরে আসতে বাধ্য হবেন। তবে ইরান কোনো মার্কিন নির্বাচনের ফলাফলের আশায় না বসে দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করছে।
গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রায় ছয় মাস অতিক্রম করার পর বর্তমানে এই সংঘাতের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর তথ্যমতে, যুক্তরাষ্ট্রের নৌ-টহল বৃদ্ধির ফলে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ধীরে ধীরে শিথিল হচ্ছে ইরানের।
জাহাজ চলাচল পর্যবেক্ষক প্রতিষ্ঠান ‘কেপলার’-এর পরিসংখ্যান অনুযায়ী, গত দুই সপ্তাহে ৮০ শতাংশের বেশি জাহাজ ওমানের নিরাপদ জলপথ ব্যবহার করেছে। ফলে প্রণালিটি থেকে আগের মতো রাজস্ব ও টোল আদায় করতে পারছে না ইরান। অন্যদিকে ঝুঁকি এড়াতে কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও বিকল্প পথ ব্যবহার করছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিতে বাধা দিলে তিনি কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন। সামগ্রিক অবস্থায় হরমুজ প্রণালিতে ইরান তাদের একচ্ছত্র প্রাধান্য হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
