
|| মো. শামীম | কুষ্টিয়া সদর প্রতিনিধি ||
উপমহাদেশের মুসলিম সাংবাদিকতার জনক, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রতিষ্ঠাকালীন সভাপতি, প্রথিতযশা সাংবাদিক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মওলানা আকরম খাঁ (রহ.)-এর ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) কুষ্টিয়া শহরস্থ শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাত্রসংগঠনটির ইবি শাখা সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মো. মাহমুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ইবি তালাবার সহ-সভাপতি শাকিল আহমেদ চৌধুরী, সেক্রেটারি খন্দকার আরিফ এবং দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কুষ্টিয়া শাখার পরিচালক হাফেজ আব্দুল্লাহসহ সংগঠনটির ইবি শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মওলানা আকরম খাঁ (রহ.)-এর জীবনী, সাংবাদিকতায় তাঁর অবদান এবং মুসলিম সমাজের পুনর্জাগরণে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
