
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের জাগীর ব্রিজসংলগ্ন শহীদ মিনার থেকে সিহাব (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, মায়ের সঙ্গে অভিমানের জেরে শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিহাব মানিকগঞ্জ পৌরসভার হিজুলী গ্রামের সেলিম হোসেনের ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাছবাজারে মনির হোসেনের মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত।
পরিবারের ভাষ্যমতে, শনিবার নৌকাভবনে যাওয়ার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল সিহাব। মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সিহাব অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রবিবার সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা জাগীর ব্রিজসংলগ্ন শহীদ মিনারে সিহাবের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
