
|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইশা সুলতানা সাদিয়া মনোনীত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মো. ফয়সাল আহম্মদ, মো. জাহানুর ইসলাম ও স্থায়ী পর্ষদের মুখপাত্র মাহদী হাসান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। একই সাথে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবমনোনীত সভাপতি মো. রুহুল আমিন পূর্বে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইবির ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অন্যদিকে সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সম্পাদকীয় পর্ষদ ও ঢাবি শাখার বোর্ড সদস্য হিসেবে কাজ করেছেন। তিনি ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে অধ্যয়নরত।
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা এবং সভা-সেমিনার আয়োজন করে আসা সংগঠনটি বর্তমানে দেশের ২৩টি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শাখা সম্প্রসারণের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে।
