Saturday, August 1

ফুলবাড়ীতে এনসিপি-বিএনপি সংঘর্ষ, আহত অন্তত ২০

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের থানা রোড ও শহীদ লুৎফর রহমান সরণি এলাকায় দুই পক্ষের বিক্ষোভ মিছিল মুখোমুখি হলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দলীয় সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব আযান আহমেদ শাওনের ওপর হামলার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা থানা রোডের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময়ে আদম মার্কেট এলাকা থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পৃথক একটি মিছিল নিয়ে অগ্রসর হন। একপর্যায়ে শহীদ লুৎফর রহমান সরণি এলাকায় দুটি মিছিল মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়।

এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মুকুল মিয়া অভিযোগ করে বলেন, “হবিগঞ্জ ও ফুলবাড়ীতে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী হামলা চালায়। এতে জাতীয় ছাত্রশক্তির অন্তত ১০ জন আহত হয়েছেন।”

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল বলেন, “এনসিপির মিছিলে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা অংশ নিয়েছিল। এ সময় আমাদের এক কর্মী এনসিপি কার্যালয়ের সামনে হামলার শিকার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।” সংঘর্ষে তাঁতী দল ও জিয়া সাইবার ফোর্সের নেতাসহ চার থেকে পাঁচজন গুরুত্বর আহত হয়েছেন বলে বিএনপি সূত্রে দাবি করা হয়েছে।

পরিস্থিতি সম্পর্কে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিংশিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জ ও সিলেটে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করছে এনসিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *