
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাওড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা এম আশরাফুল আলম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে সম্প্রতি এই কমিটি গঠন করা হয়।
এম আশরাফুল আলম সভাপতি মনোনীত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, নবনির্বাচিত সভাপতি এম আশরাফুল আলমের অভিজ্ঞতা, দক্ষতা ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু, প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এছাড়া স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী জানান, নিজ গ্রামের একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব বিদ্যালয়ের দায়িত্ব পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। তাঁর যোগ্য নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নসহ প্রতিষ্ঠানটি এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তারা বিশ্বাস করেন।
এদিকে এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় রবিবার (২৮ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে এম আশরাফুল আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, পৌর ছাত্রদলের সভাপতি ইলিয়াস কাওসার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ ও রাসুসহ অভিভাবক সদস্য এবং সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ।
