
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
তিনি বলেন, অগ্নিসংযোগ, ভাঙচুর, নাশকতা কিংবা ভয়ভীতি ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরির অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। অপরাধের সঙ্গে জড়িতদের রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনা না করে শনাক্ত করতে হবে এবং প্রচলিত আইনে বিচারের আওতায় আনতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) খালিশপুর থানা বিএনপি আয়োজিত নাশকতা ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর লিবার্টি চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শফিকুল আলম মনা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা সবার সম্মিলিত দায়িত্ব। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো মহল যেন সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে স্বাভাবিক জনজীবন ব্যাহত করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, জননিরাপত্তা বিঘ্নিত করে রাজনৈতিক অস্থিরতা তৈরির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা প্রয়োজন। সাধারণ মানুষের চলাচল, জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন সন্ত্রাস, নাশকতা কিংবা সহিংস কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চিত্রালী বাজার, পিপলস, ক্রিসেন্ট ও প্লাটিনাম এলাকা প্রদক্ষিণ করে হার্ডবোর্ড মোড়ে গিয়ে শেষ হয়।
