
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর প্রথম রাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে রবিবার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু রায়হান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার, সাংবাদিক ও বিএনপি নেতা মো. বদরুদ্দোজা বুলু, উপজেলা ইপিআই সুপারভাইজার নাজমুল হকসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সেবিকাবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমের কর্মীবৃন্দ।
উদ্বোধনকালে ডা. আমিনুল ইসলাম বলেন, শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রাতকানা ও অন্ধত্বের ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর। তিনি নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই ক্যাম্পেইনের আওতায় চিলমারী উপজেলায় ১টি স্থায়ী ও ১৪৪টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১৪৫টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ২৬ হাজার ৭০০ জন শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে উপজেলার সকল টিকাদান কেন্দ্রে সকাল থেকে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
