Tuesday, November 24

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

|| ইবি প্রতিনিধি ||

উপমহাদেশের প্রাচীনতম মাদরাসা ছাত্র সংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সংগঠনটির ইবি শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভার আগে মিলনায়তনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান ফটক, প্রশাসন ভবন ও অনুষদ ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়।

জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে এবং মো. আসাদুল্লাহ আল গালিব ও ইবি শাখার সাধারণ সম্পাদক খন্দকার আরিফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. মাহমুদুল হাসান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। মাদরাসা শিক্ষা, আলেম-ওলামা ও মুসলমানদের প্রতি তাঁর আন্তরিকতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল। তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও মাদরাসা শিক্ষা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আশা করছি, প্রধানমন্ত্রী তারেক রহমানও বিশ্ববিদ্যালয়টিকে প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্যের দিকে এগিয়ে নিতে কাজ করবেন।’

মাদরাসা শিক্ষার বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, ‘দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ে স্বীকৃতি অর্জিত হলেও মানসম্মত আলেম তৈরির কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ জন্য মাদরাসা শিক্ষার উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং সর্বস্তরের মাদরাসা সরকারীকরণের ওপর গুরুত্বারোপ করছি। জমিয়তে তালাবায়ে আরাবিয়ার শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও ভদ্র নেতৃত্ব তৈরিতে কাজ করছে; যথাযথ সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা গেলে মাদরাসা শিক্ষার্থীরাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

সভাপতির বক্তব্যে ইবি শাখার সভাপতি এস এম শামীম বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হলো ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা। তালাবার দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য সামনে রেখে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবায়নে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া অগ্রণী ভূমিকা পালন করবে।’

আলোচনা সভায় বক্তারা মাদরাসা শিক্ষার ঐতিহ্য ও স্বাতন্ত্র্য সংরক্ষণ, শিক্ষাব্যবস্থার ভিত্তি সুদৃঢ় করতে ইবতেদায়ি স্তরকে শক্তিশালী করা এবং অতীতের বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনটির ৯৭ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও শিক্ষা-সংস্কৃতিতে অবদানের কথা তুলে ধরেন তাঁরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ব. ম সাইফুল ইসলাম সিদ্দীকী, অধ্যাপক ড. আ. ব. ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. এম ইয়াকুব আলী, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ময়নুল হক, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন। এ ছাড়া সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মো. রুহুল আমিন, সাবেক প্রধান সম্পাদক ড. মুহাম্মাদ ঈসা শাহেদী এবং ইবি শাখার সাবেক সভাপতিদের মধ্যে ড. লোকমান হাকিম, আব্দুস ছামাদ জিহাদী, সাইফুল ইসলাম সায়েম, আবু ত্বহা মো. নুরুল্লাহ, মো. নুরুল হুদা ও মো. আনোয়ার হোসেন বক্তব্য দেন। সভায় আমন্ত্রিত অতিথি ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *