সোমবার, জুন ২২

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত বৈঠক

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এই দ্বিপক্ষীয় বৈঠকটি শুরু হয়।

এর আগে কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৈঠক শুরুর পূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

দুই দেশের সরকারপ্রধানের একান্ত বৈঠক শেষে ঢাকা ও কুয়ালালামপুরের মধ্যে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় প্রতিনিধি দলের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম উপস্থিত থাকবেন।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি খাত, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

দ্বিপক্ষীয় আলোচনা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী একটি আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এক মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

মধ্যাহ্নভোজ চলাকালীন মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহণে মালয় ও বাংলা ভাষায় একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *