রবিবার, জুন ১৪

রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের ঝালুর চর বিএসএফ ক্যাম্প থেকে ভোর আনুমানিক ৬টা ৪০ মিনিটে ছয়জনকে সীমান্তের কাছাকাছি নিয়ে আসা হয়। বর্তমানে তারা ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সম্ভাব্য পুশ-ইন ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বিজিবির সঙ্গে সমন্বয় করে পরিস্থিতির ওপর নজরদারি শুরু করেন।

শৌলমারী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পুশ-ইনের আশঙ্কা বাড়ছে। এ কারণে গয়টাপাড়া সীমান্তে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়রা প্রস্তুত রয়েছেন।
এদিকে, বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আন্তর্জাতিক সীমান্ত আইন ও নিয়মনীতি লঙ্ঘন করে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হলে তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গয়টাপাড়া বিওপি ক্যাম্পের হাবিলদার মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *