রবিবার, জুন ১৪

আজ সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করছেন এমপি আমির হামজা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা আজ রবিবার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পর আজ তিনি সিরাজগঞ্জ আদালতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করবেন।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক জানান, এমপি আমির হামজা আজ দুপুরে আদালতে উপস্থিত হবেন বলে তারা নিশ্চিত হয়েছেন এবং পরবর্তী সিদ্ধান্ত আদালত গ্রহণ করবেন। সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামও তাঁর আদালতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে এই মানহানির মামলাটি করা হয়। ওই দিনই আদালত তাঁকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে প্রথমে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতেও তিনি হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আজ তিনি আদালতে আত্মসমর্পণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *