
|| নিজস্ব প্রতিবেদক ||
হজ পালন শেষে দেশে ফিরে সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় হজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া গোটা মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক হিসেবে হজের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, “হজ বিশ্ব মুসলিমের সুদৃঢ় ঐক্য, সাম্য ও ভ্রাতৃত্বের এক অনন্য নিদর্শন। বর্ণ, ভাষা ও ভৌগোলিক দূরত্ব ভুলে প্রতি বছর লাখো লাখো মুসলিম যেভাবে একই উদ্দেশ্যে সমবেত হন, তা প্রমাণ করে যে মুসলিম উম্মাহ এক ও অভিন্ন। বর্তমান বৈশ্বিক সংকটে মুসলমানদের এই ঐক্য সুসংহত করা সময়ের সবচেয়ে বড় দাবি।”
মতবিনিময়কালে তিনি ভারতের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সংখ্যালঘু মুসলমানদের ওপর চলমান জুলুম ও নির্যাতনের তীব্র নিন্দা জানান। একই সাথে দেশের বিভিন্ন সীমান্তে পুশইনের ঘটনার তীব্র প্রতিবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, “প্রতিবেশী রাষ্ট্রে ক্ষমতার পটপরিবর্তন বা রাজনৈতিক পটভূমি যাই হোক না কেন, নিরীহ মুসলিমদের ওপর অব্যাহত নিপীড়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তদুপরি, সুনির্দিষ্ট কারণ ছাড়া সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সীমান্ত দিয়ে পুশইনের যে অপচেষ্টা চলছে, তা আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় উদ্বেগের কারণ।”
সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্যের কঠোর সমালোচনা করে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর বলেন, তার এই বক্তব্য একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকিস্বরূপ। তিনি বাংলাদেশ সরকারকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং জোরালো কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে ভারত সরকারকে উক্ত হাইকমিশনারকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করতে বাধ্য করারও দাবি জানান। এছাড়াও তিনি সাম্প্রতিক সময়ে গাইবান্ধার পলাশবাড়ীতে একটি সনাতন কমপ্লেক্সে বৃহৎ রামমূর্তি নির্মাণের বিষয়েও তীব্র সমালোচনা করেন।
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফারুক আহমদ ও মাওলানা মুহাম্মাদ মহিব্বুল্লাহ ভূঞা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিন ফরাজী, তালীম ও তারবিয়াত সম্পাদক মুফতি মাওলানা মিজানুর রহমান আসলামী, প্রচার সম্পাদক মো. ওমর ফারুক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জনাব এফ এম আলী হায়দার এবং ছাত্র বিষয়ক সম্পাদক আবু ত্বোহা মো. নুরুল্লাহ প্রমুখ।
সভা শেষে মজলুম ফিলিস্তিনের মুসলমানসহ ইরান, ভারত, লেবানন ও বিশ্ব মুসলিমের ঐক্য, সম্প্রীতি ও শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া।
